
চেতনা একুশ ডেস্ক:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বয়স ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানের প্রচলিত আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের সুযোগ ও নিয়ম থাকলেও তা এতদিন বাধ্যতামূলক ছিল না। তবে নাগরিকদের পরিচয় আরও নির্ভুল ও নিখুঁতভাবে যাচাই করার স্বার্থেই এই পদক্ষেপ বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, দীর্ঘ ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারার অবয়ব, আঙুলের ছাপসহ অন্যান্য বায়োমেট্রিক তথ্যে নানা স্বাভাবিক পরিবর্তন আসতে পারে। এছাড়া অনেকে চিকিৎসাজনিত কারণে বা অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করে থাকেন। এই ধরণের পরিবর্তনের ফলে পুরোনো তথ্যের সাথে বর্তমানের মিল না থাকায় পরিচয় নিশ্চিতকরণের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয়। আর এই কারণেই একটি নির্দিষ্ট সময় পর পর এনআইডি হালনাগাদ বা আপডেট করা অত্যন্ত জরুরি বলে মনে করছে কমিশন।
উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী একটি এনআইডি কার্ডের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত নির্ধারিত থাকে। উক্ত আইনেই মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্দিষ্ট নিয়ম মেনে ও ফি পরিশোধ করে নবায়নের আবেদনের বিধান রয়েছে।
জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, বর্তমানে এনআইডি নবায়নের আবেদন সরাসরি অফিসে গিয়ে অথবা নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা সম্ভব। আবেদনকারীরা নির্ধারিত ফি জমা দিয়ে সাধারণ কিংবা জরুরি—এই দুই ক্যাটাগরির যেকোনো একটি বেছে নিতে পারেন। বর্তমান নিয়মে জরুরি আবেদন নিষ্পত্তির জন্য ৭ দিন এবং সাধারণ আবেদনের জন্য ৩০ দিন সময়সীমা নির্ধারিত রয়েছে। যেখানে সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা।
এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনআইডি নবায়নের সুবিধা তো আগে থেকেই চালু রয়েছে। কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে যেকোনো নাগরিক চাইলে যেকোনো সময় আবেদন করে নতুন কার্ড সংগ্রহ করতে পারেন।”
বর্তমানে হারানো বা ক্ষতিগ্রস্ত এনআইডি পুনঃইস্যুর ক্ষেত্রে প্রথমবার সাধারণ ফি ২০০ টাকা এবং জরুরি ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার পুনঃইস্যুর ক্ষেত্রে সাধারণ ফি ৩০০ টাকা এবং জরুরি ফি ৫০০ টাকা। এর পরবর্তী প্রতিবারের জন্য সাধারণ আবেদন ফি ৫০০ টাকা এবং জরুরি আবেদন ফি ১ হাজার টাকা ধার্য রয়েছে।
তবে ১৫ বছর পর এই নবায়ন প্রক্রিয়া পুরোপুরি বাধ্যতামূলক করা হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।


