Skip to main content

Chetona Ekush

, ,

৫ আগস্টের আগের ১৬৯ জন পুলিশ প্রত্যাহার: সচিবালয়ের নিরাপত্তায় বড় পরিবর্তন

বিশেষ প্রতিনিধি , চেতনা একুশ

রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এ উদ্যোগের আওতায় ২০২৪ সালের ৫ আগস্টের আগে সচিবালয়ে দায়িত্ব পাওয়া ১৬৯ জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে তাদের জায়গায় নিরাপত্তা যাচাই শেষে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে ৮২ জনকে বদলি করা হয়েছে।


এদিকে নিরাপত্তা আরও জোরদার করতে দর্শনার্থী নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিচয় যাচাই, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, গেট ব্যবস্থাপনায় পরিবর্তন এবং আধুনিক ভিজিটর ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এটি কোনো তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া নয়; বরং দীর্ঘমেয়াদে সচিবালয়ের নিরাপত্তাকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার অংশ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে দায়িত্ব পাওয়া উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য এখনও সচিবালয়ে কর্মরত রয়েছেন। চিঠিতে তাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করে নিরাপত্তা ছাড়পত্রপ্রাপ্ত নতুন সদস্য নিয়োগের সুপারিশ করা হয়।


বর্তমানে সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রগুলোর একটি। এখানে প্রতিদিন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতিনির্ধারণী বৈঠক এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতির কারণে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


বদলির তালিকায় রয়েছেন তিনজন পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন উপপরিদর্শক (এসআই), ১৬ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১২ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল। পর্যায়ক্রমে সবাইকে নতুন কর্মস্থলে পাঠানো হবে।


প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় জোর
জনবল পরিবর্তনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করা হচ্ছে। আগে শুধু নাম ও মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা গেলেও এখন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া ওটিপি ইস্যু করা হচ্ছে না। ফলে দর্শনার্থীদের পরিচয় যাচাই আরও নির্ভুলভাবে করা সম্ভব হবে।


এ ছাড়া সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে প্রবেশপথ, গুরুত্বপূর্ণ করিডর, সংবেদনশীল ভবন ও বিভিন্ন এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি গেটের ব্যবহারও সীমিত করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ে সেগুলো খোলা রাখা হচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ