
নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বড় ধরনের পরিবর্তন এসেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি থেকে সরে এসে এবার নতুন করে ছয় দফা দাবি উত্থাপন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। এর আগে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের মধ্য থেকে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি:
১. পুনরায় পরীক্ষা গ্রহণের সুযোগ: দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী আশানুরূপ ফল পায়নি বা অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ নিশ্চিত করতে হবে।
২. সর্বোচ্চ নম্বর গণনা: কোনো শিক্ষার্থী একই বিষয়ে পুনরায় পরীক্ষা দিলে, আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে যেটিতে সর্বোচ্চ নম্বর থাকবে, সেটিকেই চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।
৩. প্রশ্নপত্রের ভুলের জন্য পূর্ণ নম্বর: প্রশ্নপত্রে থাকা যেকোনো ভুল বা অসংগতির জন্য পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর প্রদান করতে হবে।
৪. প্রস্তুতির পর্যাপ্ত সময়: চলমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দিয়ে এরপর পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে।
৫. প্রশ্নপদ্ধতির নমনীয় মূল্যায়ন: পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করতে হবে। পূর্ববর্তী বছরের তুলনায় অপরিচিত এই প্রশ্নপদ্ধতির কারণে শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয়, সেভাবে নম্বর মূল্যায়ন করতে হবে।
৬. ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিতকরণ: পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের অতিরিক্ত কঠোর, অহেতুক ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে কোনো প্রকার মানসিক ভীতি বা চাপে না পড়ে।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সড়ক উত্তাল করলেও, সচিবালয়ে আলোচনার টেবিলে বসার স্বার্থে তারা মন্ত্রীর পদত্যাগের দাবিটি তালিকা থেকে বাদ দিয়েছে। শিক্ষার্থীদের এই নতুন পদক্ষেপের পর শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে, এখন সেটাই দেখার বিষয়।


