
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
মৃত শিক্ষকের ইনডেক্সে ২০ বছর বেতন উত্তোলনের অভিযোগ, অভিযুক্ত জামায়াত নেতা ভোলার তজুমদ্দিন উপজেলায় এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব ও এমপিও ইনডেক্স নম্বর ব্যবহার করে প্রায় দুই দশক ধরে সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের এক নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত মোঃ মহিউদ্দিন তজুমদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি। অভিযোগ অনুযায়ী, তিনি একই নামের মৃত জুনিয়র শিক্ষক মোঃ মহিউদ্দিনের এমপিও ইনডেক্স ও ব্যাংক হিসাবের তথ্য ব্যবহার করে দীর্ঘদিন সরকারি অর্থ উত্তোলন করেছেন।ঘটনাটি জানতে পেরে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নুরুজ্জামান মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৪ সালের ১৩ মার্চ মাদরাসাটিতে জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পান মোঃ মহিউদ্দিন। পরবর্তীতে তার মৃত্যুর ফলে পদটি শূন্য হয়ে যায়। এরপর ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর তজুমদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী মোঃ মহিউদ্দিনকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০০৫ সালে শিক্ষক নিবন্ধন ব্যবস্থা চালু হওয়ার পরও তথ্য গোপন করে ২০০৬ সালের নিয়োগে মৃত শিক্ষকের পূর্বের এমপিও ইনডেক্স ও ব্যাংক হিসাব ব্যবহার করে সরকারি বেতন-ভাতা উত্তোলন শুরু করা হয়। এমনকি ২০২৬ সালের জুন মাসের এমপিও কপিতেও মৃত শিক্ষকের ওই ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করে বেতন-ভাতা উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
মাদরাসার সুপার মাওলানা নুরুজ্জামান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান। তার ভাষ্য, গত ২০ বছরে সরকারের বিপুল পরিমাণ অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়ে থাকতে পারে। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং সরকারের অর্থও পুনরুদ্ধার সম্ভব হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মহিউদ্দিন দাবি করেন, ব্যাংক হিসাব নম্বর এক হলেও ওই হিসাব থেকে তিনি বেতন উত্তোলন করেননি। তবে কোন হিসাবের মাধ্যমে বেতন গ্রহণ করেছেন—এ প্রশ্নের উত্তর না দিয়েই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম জানান, অভিযোগটি তদন্ত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সরকারি অর্থ ফেরত আদায়সহ অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


