
নিজস্ব প্রতিবেদক| চেতনা একুশ:
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি ক নগরী আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং টেকসই সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী এবং উচ্চপর্যায়ের সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গী এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সফরসঙ্গীরা। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টার সংক্ষিপ্ত বিরতি নেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে টার্কিশ এয়ারলাইনসের সংযোগ ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।
তিন দিনের এই সফরের দ্বিতীয় দিন বুধবার (১১ নভেম্বর) কপ-৩১-এর মূল কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বিশ্বব্যাপী কার্যকর ও টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হতে পারে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ বাস্তবতায় কপ-৩১-এর মতো আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ জলবায়ু সংকট মোকাবিলায় দেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রধানমন্ত্রীর এই সফরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জলবায়ুবিষয়ক অগ্রাধিকার ও সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


