
চেতনা একুশ নিউজ ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য বন্ধ, আর্থিক অনিয়ম রোধ এবং অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ কমাতে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (মান্থলি পে-অর্ডার) বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে একই শিক্ষাপ্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, নিয়মিত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তির নামে নতুন করে কোনো ভর্তি ফি নেওয়ার সুযোগ থাকছে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় ভর্তি ফি নির্ধারণ থেকে শুরু করে আবেদন ফরমের মূল্য, সেশন চার্জ, উন্নয়ন ফি এবং ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত নির্দেশনা তুলে ধরা হয়েছে।
আবেদন ফরমের মূল্য ও ভর্তি ফির সীমা নির্ধারণ
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং সম্পূর্ণ এমপিওবহির্ভূত—সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায়ের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান ও ধরন অনুযায়ী ভর্তি ফি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। অন্যদিকে, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ফির মধ্যেই মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়নসংক্রান্ত ফি অন্তর্ভুক্ত থাকবে। ফলে এসব খাতের নামে আলাদাভাবে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। বিশেষ করে উন্নয়ন ফি বাবদ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সর্বোচ্চ ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
পুনঃভর্তি ফি সম্পূর্ণ নিষিদ্ধ, সেশন চার্জ নেওয়া যাবে নির্ধারিত নিয়মে
নিয়মিত শিক্ষার্থীদের আর্থিক স্বার্থ সুরক্ষায় পুনঃভর্তি ফি আদায়ের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। তবে নীতিমালায় নির্ধারিত নিয়ম অনুযায়ী বার্ষিক সেশন চার্জ আদায় করা যাবে।
এ ছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে যথাসম্ভব ফি মওকুফের বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পরিবারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভর্তি প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের মাসিক বেতন ও টিউশন ফি বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের পরিপত্র অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষা করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো বেতন ও টিউশন ফি বাড়াতে পারবে না।
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ
ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর বিক্রি ও জমা পড়া আবেদন ফরমের যাবতীয় তথ্য নির্ধারিত ছকে দ্রুত ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে। এর মাধ্যমে আবেদনসংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং ভর্তি কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়নের বিষয়েও বিশেষ নির্দেশনা রয়েছে। প্রশ্নপত্র হতে হবে মানসম্মত, নির্ভুল ও সংশ্লিষ্ট শ্রেণির উপযোগী। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত পূর্ববর্তী শ্রেণির পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন তৈরি করতে হবে।
পাশাপাশি ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস, সুষ্ঠু ও সুনির্দিষ্ট আসনব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজন অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ভর্তি নীতিমালার এসব নির্দেশনার মূল লক্ষ্য হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমকে নিয়মের মধ্যে আনা, অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা বন্ধ করা এবং শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ সুরক্ষা করা। নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের বিরুদ্ধে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থার বিধান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভর্তি কার্যক্রম পরিচালনায় সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের বার্তা দেওয়া হয়েছে।


