Skip to main content

Chetona Ekush

, ,

পদ্মা সেতু টোল প্লাজায় ককটেল বিস্ফোরণ, হামলা-ভাঙচুর ও নাশকতার ঘটনায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

ইনসেটে গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর হোসেন

চেতনা একুশ নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে কর্মরত সার্টিফিকেট সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪১)। পুলিশের দাবি, পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা ছিল তাঁর।

এ ঘটনায় গ্রেপ্তার অপর তিনজন হলেন—জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর (৪৬), মো. মিজানুর রহমান মীর (৫৭) এবং মো. রিপন সরদার (৫৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী নেতাকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ছেলে। তিনি সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

অন্যদিকে, তাজেল মাদবর জাজিরা উপজেলার ওছিমুদ্দিন মাদবর কান্দি এলাকার মৃত আব্দুস ছাত্তার মাদবরের ছেলে। মিজানুর রহমান মীর সদর উপজেলার বাহের চন্দ্রপুর এলাকার মৃত মীর মোহাম্মদ আলীর ছেলে। তিনিও চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তার রিপন সরদার সদর উপজেলার কীর্তিনগর এলাকার মৃত হাজী আব্দুল হালিম সরদারের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। পাশাপাশি আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চন্দ্রপুর ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

টোলপ্লাজায় অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ:

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়।

বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। আকস্মিক এ ঘটনায় টোলপ্লাজা এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। ছড়িয়ে পড়া ভিডিওতে টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক মানুষের অবস্থান এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের দৃশ্য দেখা যায়।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। এতে সেতুর উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রী ও চালকদের। ফলে গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৮৫১ থেকে ৯৫১ জন

টোলপ্লাজা এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের মধ্যে একজন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে চেতনা একুশকে জানান, সোমবার দিবাগত রাতে টোলপ্লাজা এলাকায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই রাতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ