Skip to main content

Chetona Ekush

, ,

রিজার্ভে নতুন মাইলফলক, ৪৩ মাসের সর্বোচ্চ অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করেছে। বুধবার দিন শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে, যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ জুন বাজেট সহায়তা হিসেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১০০ কোটি ডলারের ঋণ পায় বাংলাদেশ। ওই অর্থ যোগ হওয়ার ফলে দেশের রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে পৌঁছায়। তখন বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ০৭ বিলিয়ন ডলার।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। এর আগে ২০২৩ সালের জুন থেকে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে। সে সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ২০২১ সালের আগস্টে, যখন তা ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। তবে পরবর্তী সময়ে অর্থপাচার বৃদ্ধি, বৈদেশিক লেনদেনে চাপ এবং অন্যান্য অর্থনৈতিক কারণে রিজার্ভ দ্রুত হ্রাস পেতে থাকে। একই সময়ে ডলারের বিনিময় হার ৮৪ টাকা থেকে বেড়ে ১২০ টাকারও বেশি হয়ে যায়।

আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম-৬ হিসাব অনুযায়ী দেশের রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। এরপর ধারাবাহিকভাবে রিজার্ভের উন্নতি ঘটতে থাকায় বর্তমানে তা আবারও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ