
অনলাইন ডেস্ক, চেতনা একুশ
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক। তবে আটক ব্যক্তিদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করে নিরাপত্তা বাহিনী। দেশটিতে ভিক্ষাবৃত্তি প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সৌদি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের পরিচয়, গ্রেপ্তারের বিস্তারিত পরিস্থিতি কিংবা সম্ভাব্য শাস্তির বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে অনুমোদিত ও বৈধ মাধ্যম ব্যবহার করে দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের মতে, নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হলে প্রকৃত অভাবী ও অসচ্ছল মানুষের কাছে তা পৌঁছানো সহজ হয়। পাশাপাশি এ ধরনের ব্যবস্থা ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের সর্বস্তরে ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অসচ্ছল ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দেশটিতে ভিক্ষাবৃত্তিবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে।


