
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রাথমিক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা দুটি উপায়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানা যাবে। উদাহরণ: DPE 123456 । এছাড়া অনলাইনে নির্ধারিত ফলাফল পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফল দেখা যাবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬৬ হাজার এবং বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত টানা দুই বছর সরকারের এ আর্থিক সহায়তা ও উপবৃত্তির সুবিধা ভোগ করবে।


