
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চলবে।
এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতার বাইরের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলোও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা, পাশাপাশি ওই বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। এদিকে রোববার সকাল থেকে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বোর্ডের পরীক্ষাও স্থগিতের দাবি জানান অনেক শিক্ষার্থী ও অভিভাবক।
একই সময়ে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় সম্ভাব্য বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় সেসব এলাকা থেকেও পরীক্ষা পেছানোর দাবি ওঠে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বা বিদ্যমান পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে।
তবে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


