Skip to main content

Chetona Ekush

, ,

চিন্ময় দাসের জামিন ইস্যুতে দ্রুত পদক্ষেপের আশ্বাস সংস্কৃতিমন্ত্রীর

ঢাকেশ্বরী মন্দিরে ‘মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

চেতনা একুশ ডেস্ক, ঢাকা: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রসঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি প্রশ্ন তুলে বলেন, কী অভিযোগে তাকে দীর্ঘ সময় ধরে আটক রাখা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত ‘মহানগর পরিবার দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি।

সংস্কৃতিমন্ত্রী জানান, বিষয়টি তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনবেন এবং চিন্ময় দাসের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেবেন।

তিনি বলেন, বাংলাদেশে পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠী, বিভিন্ন জাতিসত্তা, উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানা সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এসব বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণাও চালানো হচ্ছে।

ঢাকেশ্বরী মন্দির প্রসঙ্গে তিনি বলেন, এই ঐতিহাসিক স্থাপনাটিকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার দেশের সকল ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সমতা ও সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক মতপার্থক্য বা ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, এই সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য খাতে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জনগণকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে এবং সফলতা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বিভিন্ন বাধা দূর করে কাজ করে যাচ্ছে। অতীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামোতে যে অস্থিরতা ছিল, তা কাটিয়ে উঠতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় অঙ্গীকার বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, দেশের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে, তাই সরকারকে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ