
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে বিএনপি। জনগণ যে সময়ের জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে, সেই সময় পর্যন্তই সরকার ক্ষমতায় থাকবে। কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে সরকারের মেয়াদে প্রভাব ফেলা যাবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এ সমাবেশের আয়োজন করে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। জনগণ আমাদের যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে সময় পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে। কোনো হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না।’
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকটের সময়ে দেশের মানুষ যে ধৈর্য ও সহযোগিতা দেখিয়েছেন, তার জন্য তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখা দিলে সরকার জনগণের কাছে গেছে এবং তাদের সমস্যার কথা শুনেছে।
তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরেছেন। আল্লাহর রহমতে আমরা সেই সমস্যার সমাধান করেছি।’
সিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে সিরাজগঞ্জের মাটিতে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হননি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমার নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করেছে। দীর্ঘদিন ধরে অন্যায়-অত্যাচার সহ্য করতে হয়েছে। একপর্যায়ে সেই অন্যায়-অত্যাচারের পাল্লা যখন ভারী হয়ে উঠেছিল, তখনই জুলাই বিপ্লবের সূচনা হয়।’
সমাবেশে তিনি দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


