
নিজস্ব প্রতিবেদক। চেতনা একুশ
ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদনদেশের চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮টিতে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই মেডিক্যাল কলেজ চালু হলে উত্তরাঞ্চলে চিকিৎসা শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।


