Skip to main content

Chetona Ekush

, ,

ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বেইজিং

অনলাইন ডেস্ক। চেতনা একুশ

বাংলাদেশকে “পরীক্ষিত বন্ধু” হিসেবে উল্লেখ করে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ঢাকাকে সঙ্গে নিয়েই এগোতে চায় চীন। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, কৃষি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের কূটনীতিকরা। একই সঙ্গে শিনজিয়াং অঞ্চলের উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তুলে ধরা হয়েছে বেইজিংয়ের অবস্থান।

সম্প্রতি চীন সফররত বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে শিনজিয়াং পররাষ্ট্র দপ্তরের উপ-মহাপরিচালক জিয়াং ইয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি জানান, উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য, আর সেই লক্ষ্যেই আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে বেইজিং।

জিয়াং ইয়েনের ভাষ্য, একসময় পিছিয়ে থাকা অঞ্চল হিসেবে পরিচিত শিনজিয়াং এখন আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। আটটি দেশের সঙ্গে সীমান্ত থাকা এই অঞ্চল বর্তমানে শিল্প, কৃষি, পর্যটন ও বিনিয়োগে দ্রুত অগ্রসর হচ্ছে। বাংলাদেশের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগাভাগি করতেও আগ্রহ প্রকাশ করে চীন।

শিনজিয়াংয়ে বিচ্ছিন্নতাবাদ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, অতীতে কিছু সহিংস ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারের উন্নয়নমূলক উদ্যোগ ও জনসম্পৃক্ততার কারণে সেখানে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান তিনি। তার দাবি, ২০২২ সালের পর থেকে আর কোনো বড় হামলার ঘটনা ঘটেনি এবং ২০২৫ সালে তিন কোটির বেশি বিদেশি পর্যটক অঞ্চলটি ভ্রমণ করেছেন।

উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমের সমালোচনার বিষয়ে জিয়াং ইয়েন বলেন, এসব প্রচারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, শিনজিয়াংয়ে ধর্মচর্চার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং ধর্মীয় শিক্ষা বিস্তারে সরকার বিভিন্ন আধুনিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

এ প্রসঙ্গে উরুমচির শিনজিয়াং ইসলামিক ইনস্টিটিউটের প্রধান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, চীনের সংবিধান অনুযায়ী মুসলিমরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন। প্রতিষ্ঠানটিতে কোরআন, হাদিস, শরিয়াহ আইন ও আরবি ভাষার পাশাপাশি আধুনিক সমাজব্যবস্থা সম্পর্কেও পাঠদান করা হয়। শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে দক্ষ করে তুলতে ম্যান্ডারিন ও উইঘুর ভাষাও শেখানো হয়।

তিনি জানান, ইসলামিক ইনস্টিটিউটটি শুধু ধর্মীয় শিক্ষাকেন্দ্র নয়, বরং আধুনিক ও দায়িত্বশীল নাগরিক তৈরিরও একটি প্ল্যাটফর্ম। বর্তমানে সেখানে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন এবং ৬০-এর বেশি শিক্ষক ও গবেষক পাঠদান ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রন্থাগারে রয়েছে প্রায় ১৭ হাজার বইয়ের সংগ্রহ, যার মধ্যে আরবি, উইঘুর ও ম্যান্ডারিন ভাষার বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে শিনজিয়াংয়ের ভূমিকাও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অঞ্চলটিতে রাষ্ট্রীয় উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার সমন্বয়কে একটি কার্যকর মডেল হিসেবে তুলে ধরছে চীন।

বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা শিনজিয়াংয়ের বিভিন্ন এলাকা ঘুরে অবকাঠামোগত উন্নয়ন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং নগর ব্যবস্থাপনার আধুনিকায়নের চিত্র প্রত্যক্ষ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কৃষি উৎপাদন ও নাগরিকসেবামুখী ডিজিটাল ব্যবস্থাপনা তাদের নজর কাড়ে।

শিনজিয়াংয়ের রাজধানী উরুমচিতে নাগরিক সেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে বাসিন্দারা সরাসরি বিভিন্ন সমস্যা জানাতে পারেন। দ্রুত সমাধানের জন্য ২৪ ঘণ্টা কাজ করছে নগর কর্তৃপক্ষ।

চীনের ভাষ্য অনুযায়ী, বহুজাতিক ও বহু সংস্কৃতির এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠী পারস্পরিক ঐক্যের মধ্য দিয়ে বসবাস করছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের “ডালিমের বীজের মতো ঐক্যবদ্ধ থাকার” ধারণাকে সামনে রেখেই শিনজিয়াংয়ে রাষ্ট্রীয় নীতি পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে বেইজিং।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ