Skip to main content

Chetona Ekush

, ,

নিজ বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের এক হাজার ইউনিট নিজে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের লক্ষ্য হচ্ছে, সরকারি ভবনগুলোর ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা। এর মাধ্যমে একদিকে সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা সম্ভব হবে।

সমবায় ভবনসহ দেশের সব জাতীয় ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ উৎপাদনকে শুধু ব্যয় হিসেবে না দেখে একটি সম্ভাবনাময় ব্যবসা হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার নির্দেশ

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো মহল যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘনিষ্ঠ নজর রাখতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইউএনওদের সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিলের প্রস্তাব

এলাকার দরিদ্র ও অসহায় মানুষ অনেক সময় তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসেন উল্লেখ করে প্রতিমন্ত্রী প্রত্যেক ইউএনওর জন্য একটি ঐচ্ছিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, এই তহবিল থাকলে জরুরি প্রয়োজনে দরিদ্র মানুষকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই অর্থের ব্যবস্থা করা সম্ভব না হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

মাঠপর্যায়ে সরকারের প্রকল্প বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে ইউএনওদের ভূমিকার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ ইউএনওরা সরাসরি তদারকি করছেন।

তিনি বলেন, প্রতিবছর জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও বার্ষিক সম্মেলনের আয়োজন করা হলে মাঠপর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও প্রয়োজনীয় দাবিদাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

‘বিএনপি সরকার জনগণের সরকার’

বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আগের সরকারের সময়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছে। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে রাতের ভোট, ডামি নির্বাচন কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে নির্দেশ দেবে না।

রাজনৈতিক বিষয়েও সরকার ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে বলে দাবি করে তিনি মিরপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ওই ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর তাগিদ

এ সময় নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নিরাপদ পানির উৎস বাড়াতে পারলে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে। এজন্য নদী ও পুকুরের পানি পরিশোধন করে ব্যবহারযোগ্য করার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ