
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
দেশের প্রতিটি বিভাগে একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পাশাপাশি ভেটেরিনারি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভেটেরিনারি খাতের পরিধি দিন দিন বাড়ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিজ খাদ্য রোগমুক্ত ও নিরাপদ কি না, তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বর্তমানে ভেটেরিনারি হাসপাতালগুলো মূলত ঢাকাকেন্দ্রিক। প্রাণীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল স্থাপনের চিন্তা করা হচ্ছে।
ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর যাতে কর্মসংস্থানের সুযোগ পায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে ভেটেরিনারিয়ানদের কর্মসংস্থানের ক্ষেত্র আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান ও গবেষণার অগ্রগতির সঙ্গে ভেটেরিনারি খাতের গুরুত্ব বেড়েছে। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের প্রোটিনের চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের পাশাপাশি আধুনিক চিকিৎসা ও গবেষণার সম্প্রসারণ জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি অধ্যাপক ড. সুকুমার সাহা।
এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. এম. ময়নুদ্দিনকে বার্ষিক লেকচার অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
‘ট্রান্সলেটিং ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনটু সাসটেইনেবল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নিচ্ছেন। সম্মেলনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।


