Skip to main content

Chetona Ekush

, ,

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জায়মা রহমান

অনলাইন ডেস্ক, চেতনা একুশ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখভাল করবেন জায়মা রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকাতেও তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ‘লিগ্যাল অফিসার’ পদে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বেই বৃহস্পতিবার সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জায়মা রহমান খলিলুর রহমানের কার্যালয়ে দায়িত্ব পাওয়া ছয় বাংলাদেশির একজন। ওই কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন।

কার্যালয়ে বাংলাদেশের অন্য কর্মকর্তাদের মধ্যে কূটনীতিক মোঃ আবদুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন রয়েছেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত দূরদর্শিতা বিষয়ে সিনিয়র উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সিনিয়র উপদেষ্টা এবং মোঃ রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোর বিষয়ে সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জায়মা রহমান লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। চলতি বছরের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আইন ও নীতিবিষয়ক পেশাগত অভিজ্ঞতা রয়েছে জায়মা রহমানের। যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিসংক্রান্ত কাজে তার অভিজ্ঞতা রয়েছে বলেও জাতিসংঘের সংশ্লিষ্ট তথ্য প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ