Skip to main content

Chetona Ekush

, ,

‘ভিকটিম কার্ড’ খেলছে এনসিপি! এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য

অনলাইন ডেস্ক, চেতনা একুশ

জুলাই পদযাত্রাকে ঘিরে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নিয়ে এনসিপির নেতারা স্থানীয় বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশে আপত্তিকর ভাষায় বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কিছু স্থানে কর্মসূচির সময় ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে।

রাশেদ খাঁনের ভাষ্য, এনসিপির নেতাদের বক্তব্য থেকে তার কাছে মনে হয়েছে, তারা পরিকল্পিতভাবে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের পরিবেশ তৈরি করতে চাইছেন। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কটূক্তি করার পর আবার ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে কাউকে গালিগালাজ করার পর মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করা সহজ নয়। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, একটি বক্তব্যের কারণেই তিনি জনরোষের মুখে পড়েছিলেন। তাই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বক্তব্য দেওয়ার আগে নেতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে একটি প্রবাদ উদ্ধৃত করে রাশেদ খাঁন লেখেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।’ তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপির নেতাদের ‘ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায়’ করেনি—এটিই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।

এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ