Skip to main content

Chetona Ekush

, ,

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট: ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

রাড্ডা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরা প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভারী যন্ত্রপাতি এনে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

হামলার সময় ওষুধ, ভ্যাকসিন, সরকারি টিকাদান কর্মসূচির রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথি, পরিবার পরিকল্পনার সামগ্রী, আলট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ফ্রিজ, এসি ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির হিসাবে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি।

ঘটনাটিকে কেন্দ্র করে সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা মো. হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়।

ফেরদৌসী আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্ক ছিল। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস এবং জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগকে কেন্দ্র করে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়।

এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পরদিন রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ