
নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ
রাজধানীতে পারিবারিক কলহের জের ধরে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ৭ মাস বয়সী এক কন্যা সন্তানকে মাটিতে আছাড় মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত অবুঝ শিশুটির নাম রাফা মনি ওরফে কবিতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ভয়াবহ ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া বস্তিতে। এই নৃশংস ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে।
নিহত শিশুর মা লিমা আক্তার জানান, তাদের মূল বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। বর্তমানে তারা তুরাগের ওই বস্তিতে বসবাস করতেন। নিহত রাফা মনি ছিল তাদের একমাত্র সন্তান। তার বাবা কবির হোসেন পেশায় একজন রিকশাচালক।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্বামী কবির হোসেনের নিয়মিত কাজ না করা এবং মাদকাসক্তির কারণে সংসারে অশান্তি লেগে থাকত। গত বুধবার সন্ধ্যায় সাংসারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির হোসেন মায়ের কোল থেকে ৭ মাসের শিশু রাফা মনিকে জোরপূর্বক ছিনিয়ে নেন এবং মুহূর্তের মধ্যে তাকে মাটিতে আছড়ে ফেলেন।
গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বুধবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিষ্পাপ শিশুটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল জানান, খবর পাওয়ার পরপরই বুধবার রাতে অভিযুক্ত মাদকাসক্ত বাবা কবির হোসেনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের পর কবির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত কাজ চলমান রয়েছে।


