Skip to main content

Chetona Ekush

, ,

খুলনা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবি: ‘গ্রেনেড বাবু’সহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি। চেতনা একুশ :

খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির শীর্ষ দুই নেতার কাছে মোবাইল ফোনে মোটা অঙ্কের চাঁদা দাবির চাঞ্চল্যকর ঘটনায় কথিত শীর্ষ অপরাধী মোল্লা ইয়ামিন ওরফে ‘ডন বাবু’ ও ‘গ্রেনেড বাবু’কে গ্রেফতার করেছে পুলিশ। শুধু প্রধান অভিযুক্তই নন, এ ঘটনায় যৌথ অভিযানে তার মা ও স্ত্রীকেও আইনের আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বাগেরহাটের রামপাল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের পাইকগাছা থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী দুই আইনজীবী বাদী হয়ে পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে রামপাল এলাকায় অভিযান চালিয়ে মোল্লা ইয়ামিন (৩০), তার মা শাহিদা বেগম (৫০) এবং স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেফতার করা হয়।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির গণমাধ্যমকে জানান, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, গত ২৬ অক্টোবর পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছেও একই কায়দায় চাঁদা দাবির আরেকটি অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসলাম শিকদার নামের অন্য এক ব্যক্তিকে আটকের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ