
চেতনা একুশ ডেস্ক:
দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের রূপান্তর আসতে যাচ্ছে। আগামী ২০২৮ সাল থেকে পুরোপুরি নতুন পাঠ্যক্রম চালু করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে সরকার। তবে এর আগেই আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে বাধ্যতামূলক হিসেবে যুক্ত হচ্ছে নতুন চারটি পাঠ্যবই।
সোমবার সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ বার্তা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।
উপদেষ্টা মাহ্দী আমিন জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বিদ্যমান শিক্ষাক্রমের প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের পাশাপাশি নতুন কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন যে বিষয়গুলো যুক্ত হচ্ছে:
পরিকল্পনা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য নতুন বিষয়গুলো বাধ্যতামূলক করা হবে।
- চতুর্থ শ্রেণি: এই শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ নামে দুটি নতুন বিষয়।
- ষষ্ঠ শ্রেণি: এই শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’।
লার্নিং উইথ হ্যাপিনেস’ প্রসঙ্গে:
উপদেষ্টা জানান, এই বিষয়টি একদিকে যেমন পাঠ্যবই হিসেবে থাকবে, অন্যদিকে এর অন্তর্নিহিত মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ ও শিক্ষাদান পদ্ধতিও এই কোর্সের আওতাভুক্ত থাকবে।
এছাড়াও শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষা শেখানোর লক্ষ্যে বিদ্যমান শিক্ষা কাঠামোর মধ্যেই একটি বড় অধ্যায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় পুরো শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে ঢেলে সাজানো হচ্ছে।
চূড়ান্ত রূপরেখা ২০২৮ সালে
শিক্ষাক্রম পরিবর্তনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এত বড় পরিবর্তন মাত্র তিন মাসে সম্ভব নয়। প্রথমত, বর্তমান কারিকুলামকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মত রূপ দিয়ে ২০২৭ সাল থেকে কার্যকর করা হবে। আর সম্পূর্ণ নতুন শিক্ষাক্রমের যে পরিকল্পনা, সেটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা ২০২৮ সাল থেকে দেখা যাবে। নতুন এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ‘শিখন ফল অর্জন’-কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রমের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে, যার রূপরেখা প্রণয়নের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তবে এই শিক্ষাক্রম একযোগে সব শ্রেণিতে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।


