
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আজ থেকে শুরু হলো চার দিনব্যাপী বর্ণাঢ্য ‘পুলিশ সপ্তাহ-২০২৬’। “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”—এই কালজয়ী প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে চারপাশ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করবেন এবং বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের মনোমুগ্ধকর অভিবাদন গ্রহণ করবেন। এরপর তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জাতির সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র সচিব এবং আইজিপি পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। প্রেসিডেন্ট তার বাণীতে উল্লেখ করেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসনে পুলিশের পেশাদারিত্ব ও সততা অপরিহার্য। অন্যদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী গুম ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র গঠনে পুলিশকে আস্থার প্রতীক হতে হবে।
এবারের আয়োজনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদকে ভূষিত করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবারের প্যারেড।
১৩ই মে পর্যন্ত চলা এই আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলন এবং বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। নব উদ্যমে ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হয়ে বাংলাদেশ পুলিশ যেন জনগণের বন্ধু হিসেবে সেবা নিশ্চিত করতে পারে, এটিই এবারের পুলিশ সপ্তাহের মূল লক্ষ্য।
পুলিশ সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো বিশেষভাবে সাজানো হবে।


