Skip to main content

Chetona Ekush

, ,

কুমিল্লা জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগ আসিফ ও হাসনাতের বিরুদ্ধে

চেতনা একুশ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মোট ২৫ কোটি টাকা তুলে নেওয়ার এক গুরুতর অভিযোগ উঠেছে।


আজ শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এই বিস্ফোরক দাবি করেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোঃ মোস্তাক মিয়া।


আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মোঃ মোস্তাক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। অথচ তারা বাংলাদেশে বৈষম্যবিরোধী সমন্বয়ের রাজনীতির কথা বলেছিলেন, যা তাদের নিজেদের কর্মকাণ্ডেই অনুপস্থিত।”


একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা (টিপু) এবং সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম।

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উক্ত আলোচনা সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন বক্তারা। জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া তাঁর বক্তব্যে বলেন, “জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। বিগত দিনে ধ্বংস হয়ে যাওয়া দেশের অর্থনীতিকে পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

‘সংকটকালে জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল ঐতিহাসিক। তাঁর সততা, দেশপ্রেম ও জনমুখী রাজনীতি আজীবন এ দেশের মানুষের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।” তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীদের শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধ বজায় রেখে জনগণের কল্যাণে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি

রাজস্ব তহবিল থেকে এই বিপুল পরিমাণ অর্থ ঠিক কী প্রক্রিয়ায় নেওয়া হয়েছে, তা জানতে পরবর্তীতে জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, প্রশাসক মহোদয় একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় এ বিষয়ে পরে কথা বলবেন।
অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ