Skip to main content

Chetona Ekush

, ,

চট্টগ্রাম নগরের চাপ কমাতে চার স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব

ঢ্য

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

চট্টগ্রাম নগরের ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন সংকট ও তীব্র যানজটের চাপ মোকাবিলায় নগরসংলগ্ন চার উপজেলায় পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলাকে ঘিরে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠকে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।

বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, বিদ্যমান মাস্টারপ্ল্যান অনুযায়ী চার উপজেলায় আধুনিক ও পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা গেলে চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে টেকসই ও পরিকল্পিত নগরায়ণের ভিত্তি আরও শক্তিশালী হবে।

তিনি আরও জানান, নতুন স্যাটেলাইট শহরগুলোতে আবাসন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য নাগরিক সুবিধা পরিকল্পিতভাবে নিশ্চিত করা হলে নগরের কেন্দ্রভাগের ওপর অতিরিক্ত চাপ হ্রাস পাবে। পাশাপাশি আশপাশের উপজেলাগুলোরও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেন।

নগর পরিকল্পনাবিদদের মতে, চট্টগ্রামে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় নগরের ওপর চাপ কমবে। একই সঙ্গে ভবিষ্যতের নগর ব্যবস্থাপনা আরও কার্যকর, সুষম ও টেকসই হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ