
দেশের অর্থনীতির চাকা এখন অনেকটা ধুঁকে ধুঁকে চলছে। একদিকে রাজস্ব আদায়ের কঙ্কালসার অবস্থা, অন্যদিকে ঋণের পাহাড়ে চাপা পড়া বাজেট—সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাষ্ট্র চালাতে সরকারকে এখন বিদেশি ঋণের পাশাপাশি দেশি উৎস, বিশেষ করে ব্যাংক খাতের ওপর চরমভাবে নির্ভর করতে হচ্ছে। তবে উদ্বেগের বিষয় হলো, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন জোগান দিতে হিমশিম খাচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে দেদারসে টাকা ছাপিয়ে মেটানো হচ্ছে সরকারের খরচ। আর এই ‘নতুন টাকা’ বাজারে আসতেই আগুনের মতো বাড়ছে দ্রব্যমূল্য।
লক্ষ্যমাত্রার গণ্ডি পেরিয়েছে ঋণ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট যখন ঘোষণা করা হয়েছিল, তখন ব্যাংক খাত থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু অর্থবছরের আড়াই মাস বাকি থাকতেই সেই হিসাবের খাতা ওলটপালট হয়ে গেছে। ৯ এপ্রিল পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৮ শতাংশ বেশি।
সবচেয়ে আশঙ্কাজনক চিত্রটি ফুটে উঠেছে সাম্প্রতিক তথ্যে। দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনে নতুন সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার এভাবে ব্যাংক থেকে টাকা তুলে নিলে বেসরকারি খাত শুকিয়ে যাবে। ব্যবসায়ীরা যদি ঋণ না পান, তবে শিল্পায়ন থমকে যাবে এবং কর্মসংস্থান সংকুচিত হবে।
আয়ের ঝুলি শূন্য, ব্যয়ের নেই লাগাম
সরকারের আয়ের প্রধান উৎস রাজস্ব খাত এখন গভীর সংকটে। অর্থবছরের প্রথম নয় মাসেই শুল্ক-কর আদায়ে প্রায় ১ লাখ কোটি টাকার বিশাল ঘাটতি তৈরি হয়েছে। ব্যবসা-বাণিজ্যের মন্দার কারণে নিকট ভবিষ্যতে এই আয় বাড়ার সম্ভাবনাও ক্ষীণ। অথচ কর্মচারীদের বেতন-ভাতা, ঋণের সুদ, ভর্তুকি আর মেগা প্রকল্পগুলোর জের টানতে গিয়ে ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। ফলে অনেকটা ‘আগে খরচ, পরে টাকার খোঁজ’—এই নীতিতেই চলছে দেশ।
টাকা ছাপানোর মরণকামড়
বাণিজ্যিক ব্যাংকগুলোতে টান পড়ায় কেন্দ্রীয় ব্যাংক এখন ‘মানি ক্রিয়েশন’ বা টাকা ছাপানোর আশ্রয় নিচ্ছে। অর্থনীতিতে একে বলা হয় ‘রিজার্ভ মানি’ বা ‘হাই পাওয়ার মানি’। সাধারণ মানুষের বোঝার জন্য সহজ করে বললে, কেন্দ্রীয় ব্যাংক যখন এক টাকা ছাপায়, বাজারে গিয়ে তা পাঁচ টাকার সমান প্রভাব ফেলে। একে বলা হয় ‘মাল্টিপ্লায়ার ইফেক্ট’।
৯ এপ্রিল পর্যন্ত তথ্যে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৭ কোটি টাকা। এর মধ্যে কেবল ওভারড্রাফট হিসেবেই নেওয়া হয়েছে ২২ হাজার ৪৭৪ কোটি টাকা। এই কৃত্রিম মুদ্রাস্ফীতি অনেকটা দুধে পানি মেশানোর মতো—পরিমাণ বাড়ছে ঠিকই, কিন্তু টাকার ক্রয়ক্ষমতা বা গুণমান তলানিতে ঠেকছে।
সাধারণ মানুষের ওপর খাঁড়ার ঘা
দেশের সাধারণ মানুষ আগে থেকেই তেল, গ্যাস ও বিদ্যুৎ বিলের চাপে দিশেহারা। এখন এই ‘ছাপানো টাকা’ বাজারে ঢুকে নতুন করে মূল্যস্ফীতি উসকে দিচ্ছে। যখন উৎপাদন না বেড়ে শুধু টাকার সরবরাহ বাড়ে, তখন বাজারে পণ্যের দাম হু হু করে বাড়তে থাকে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে।
চেতনা ২১-এর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করা। কিন্তু সরকারকে খুশি করতে গিয়ে যদি অনিয়ন্ত্রিতভাবে টাকা ছাপানো হয়, তবে সামষ্টিক অর্থনীতি ধসে পড়ার ঝুঁকি তৈরি হবে। এখনই সময় এই আত্মঘাতী ঋণের লাগাম টেনে ধরার, নতুবা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুঃসহ হয়ে উঠবে।
রিপোর্টঃ নাসরিন বেগম


