
নিজস্ব প্রতিবেদক | চেতনা একুশ:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি পৃথক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামের মৃত কফিরউদ্দিন প্রামাণিকের ছেলে রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউল করিম বর্তমানে রাজধানীর ফকিরাপুল এলাকায় বসবাস করছিলেন।
ঘটনা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরপর পাঁচটি স্থানে ৭-৯টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের স্থানগুলো হলো—নীলক্ষেত মোড়, সিনেট ভবনের সামনের সড়ক, টিএসসি-সংলগ্ন এলাকা এবং শাহবাগ মোড়। এর মধ্যে টিএসসি-সংলগ্ন এলাকায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক এসব বিস্ফোরণের বিকট শব্দে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে প্রথম বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুজনকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখেন। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ ছাড়া জগন্নাথ হল এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তিনি এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুসারীদের দায়ী করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যেই তারা এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলে ছাত্রদল মনে করে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল রাজপথে সোচ্চার থাকবে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দ্রুতই কর্মসূচি ঘোষণা করা হবে।
ককটেল বিস্ফোরণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সংঘবদ্ধভাবে আট থেকে নয়টা ককটেল ফোটানো হয়েছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়। ক্যাম্পাসের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে বিস্ফোরণের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আটক তিনজনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও আশপাশে এক সন্ধ্যায় পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তদন্তের মাধ্যমে এসব বিস্ফোরণের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


