Skip to main content

Chetona Ekush

, ,

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে তলব, শিরশ্ছেদের বিস্তারিত জানতে চায় ঢাকা

চেতনা একুশ ডেস্ক

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করে সরকার। এ সময় দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতেই রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করা হয়েছে।

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। তবে ঘটনার বিস্তারিত জানতে দেশটির সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনাকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগ ছিল ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে। সৌদি আরবের আইনে এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানতে পারেনি।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সৌদি সরকারের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। একই সঙ্গে নিহত দুই বাংলাদেশির মরদেহ কীভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে।

এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মৃত্যুদণ্ড কার্যকরের কারণ, বিচারিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। রাষ্ট্রদূতকে তলবের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা আরও গুরুত্ব পেয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ