Skip to main content

Chetona Ekush

, ,

নজরুলের সাহিত্য-দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক : নাসরিন বেগম

‘জন্ম এ ভূখণ্ডে না হলেও নজরুলের হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ’—প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে না হলেও তাঁর হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, কর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যেই বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নজরুলের সাহিত্য, চিন্তা ও মানবিক মূল্যবোধকে শুধু সরকারি আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, এ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯১৪ সালে কিশোর বয়সে প্রথমবারের মতো তিনি ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিবিজড়িত সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি এবং বাংলাদেশের ঐতিহ্যের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। পরাধীন, নিপীড়িত ও পরাভূত জাতির ভাগ্যাকাশে তাঁর আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায়, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর কলম ছিল এক শাণিত অস্ত্র। প্রেম, প্রকৃতি, ইসলামী মূল্যবোধ কিংবা শ্যামাসংগীত—সাহিত্যের প্রতিটি ধারায় নজরুল আমাদের শুদ্ধ চেতনা ও অসাম্প্রদায়িক মানবিকতার প্রতীক।”

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ