
নিজস্ব প্রতিনিধি: চেতনা একুশ
আওয়ামী লীগ সরকারের আমলের পরিসংখ্যানগত কারসাজির চিত্র পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। তিনি উল্লেখ করেছেন, বিগত সময়ের ডেটা বা পরিসংখ্যান নিয়ে বর্তমানে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) তাদের নিজেদের দেওয়া পূর্বের তথ্য-উপাত্তগুলো পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাপ্ত সব পরিসংখ্যানের এখন ‘ফরেনসিক রিভিউ’ করা হচ্ছে।
আজ রবিবার (৭ জুন) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এসব কথা জানান।
পরিসংখ্যানের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা দেশের মানুষের সামনে একদম নির্ভুল তথ্য-উপাত্ত তুলে ধরতে চাই। কোনো পরিসংখ্যান বা সত্যকে কার্পেটের নিচে লুকিয়ে রাখার দিন শেষ। দেশের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক অবস্থাটা ঠিক কেমন, তা আমাদের জানতে হবে। তাই ভবিষ্যতে যেন কোনো ধরনের তথ্যের কারসাজি না হয়, সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি মূল্যস্ফীতি গণনার পদ্ধতিটি কীভাবে কাজ করে, তাও আমরা গভীরভাবে খতিয়ে দেখবো।”
চলতি প্রকল্পগুলোর অগ্রগতি ও জবাবদিহিতা নিয়ে জোনায়েদ সাকি জানান, যেসব প্রকল্পের কাজ ইতিমধ্যে ৬০-৭০ শতাংশ সম্পন্ন হয়েছে, সেগুলো বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে। আগামীতে বিচ্ছিন্নভাবে প্রকল্প না নিয়ে কর্মসূচির আওতায় একগুচ্ছ সমজাতীয় প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “প্রকল্পের সময় কিংবা ব্যয় বৃদ্ধির দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদেরই নিতে হবে—মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রকল্প পরিচালকদের জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট পুল তৈরির নীতিমালা প্রণয়নের কাজ চলছে।”
আসন্ন বাজেটের লক্ষ্যমাত্রা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হচ্ছে, যার সরাসরি সুফল পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং দেশের জন্য একটি দীর্ঘমেয়াদী, আত্মনির্ভরশীল জ্বালানি নীতি তৈরির চেষ্টা চলছে।


