
তথ্য প্রযুক্তি ডেস্ক
ব্যক্তিগত যোগাযোগ কিংবা অফিসের জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত ও নিরাপদ করতে নিয়মিত নতুন সব ফিচার নিয়ে আসে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি। তবে এবার পুরোনো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কিছুটা দুঃসংবাদ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেশ কিছু পুরোনো সংস্করণে হোয়াটসঅ্যাপের কারিগরি সমর্থন বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর বরাতে জানা গেছে, মূলত অ্যান্ড্রয়েড ৬-এর আগের ভার্সনগুলোতে আর হোয়াটসঅ্যাপের হালনাগাদ সুবিধাগুলো কাজ করবে না।
কেন এই সিদ্ধান্ত?
হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ফিচার ও প্রযুক্তিগত সুবিধাগুলো সচল রাখতে ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের একটি নূন্যতম মান থাকা প্রয়োজন। পুরোনো অপারেটিং সিস্টেমগুলো এই উন্নত প্রযুক্তি সমর্থন করতে সক্ষম নয়। ফলে ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।
ব্যবহারকারীদের জন্য ঝুঁকি :
আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এরপর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর নিচের সংস্করণের ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে নতুন কোনো আপডেট পাওয়া যাবে না। এর ফলে ব্যবহারকারীরা যেমন নতুন ফিচার থেকে বঞ্চিত হবেন, তেমনি সাইবার হামলা কিংবা তথ্য চুরির মতো মারাত্মক নিরাপত্তাহীনতায় পড়ার আশঙ্কাও থেকে যায়।
যারা পুরোনো মডেলের ফোন ব্যবহার করছেন, তাঁদের জন্য পরামর্শ হলো—সম্ভব হলে ফোনের অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করে নেওয়া। তবে অনেক ক্ষেত্রে পুরোনো ডিভাইসে নতুন সিস্টেম ইনস্টল করা সম্ভব হয় না, সেক্ষেত্রে নিরবচ্ছিন্ন সেবা পেতে স্মার্টফোন পরিবর্তন করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।


