Skip to main content

Chetona Ekush

, ,

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সিলেটে উন্নয়নের কর্মযজ্ঞে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট ব্যুরো:

আধ্যাত্মিক নগরী সিলেটে ব্যস্ত দিন অতিবাহিত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুণ্যভূমি সিলেটে পৌঁছেই সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সিলেটে সকাল থেকেই বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি চললেও তা প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে কোনো বাধা হতে পারেনি। অদম্য উৎসাহে বৃষ্টি উপেক্ষা করেই তিনি নগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

মাজার জিয়ারত শেষে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনিঘাট এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি সিটি করপোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি স্থানীয় সুধী সমাবেশে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার’ সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা প্রবাসীদের সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। বিকেলের অধিবেশনে রয়েছে ক্রীড়াঙ্গনের বিশেষ আয়োজন। বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন সরকার প্রধান।

দিনব্যাপী এসব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেল ৫টায় একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে; তোরণ, ব্যানার ও ফেস্টুনে সেজেছে পুরো নগরী। সব মিলিয়ে বৃষ্টির দিনেও সিলেটের রাজপথ এখন রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে মুখর।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ