
নিজস্ব প্রতিনিধি: চেতনা একুশ
বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যার মূল কথাই হলো সমমর্যাদা এবং জাতীয় স্বার্থ। সরকারের স্পষ্ট অবস্থান—বিশ্বমঞ্চে বাংলাদেশের বন্ধু ও অংশীদার থাকবে, কিন্তু কোনো ‘প্রভু’ নয়।
শুক্রবার (৫ জুন) ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দেশের এই নতুন কূটনৈতিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের “বাংলাদেশ প্রথম” (Bangladesh First) নীতি ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই নীতি অনুসৃত হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বাংলাদেশ বিশ্ব সমাজ থেকে বিচ্ছিন্ন বা একা হয়ে যাচ্ছে। বরং এর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারই প্রকাশ পায়।
ড. খলিলুর রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বের সমস্ত দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে এই সম্পর্ক কোনো দেশের প্রভাবাধীন হয়ে নয়, বরং সম্পূর্ণ সমমর্যাদার ভিত্তিতে পরিচালিত হবে। সীমান্তের বাইরে বাংলাদেশ সবাইকে বন্ধু এবং অংশীদার হিসেবেই দেখতে চায়।


