
মেহেরপুর প্রতিনিধি, চেতনা একুশ
মেহেরপুর সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ৭০ বছর বয়সী বাবা হাবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে শাহাবুল। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত শাহাবুল নিজেই সদর থানায় গিয়ে হাজির হন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
নিহত হাবেল ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে হাবেলের স্ত্রী মারা যান। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে বাবার এ সিদ্ধান্তে আপত্তি ছিল ছেলে শাহাবুলের। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ তৈরি হয়। পাশাপাশি জমিজমা নিয়েও তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
পুলিশ জানায়, সোমবার সকালে নিজেদের জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন শাহাবুল। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তার বাবা জমির একটি অংশ অন্য একজনকে বর্গা দিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই বর্গাচাষির সঙ্গে শাহাবুলের কথা-কাটাকাটি ও বিরোধ হয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন।
বাড়িতে ফিরে ঘাস কাটার কাজে ব্যবহৃত একটি ধারালো ডাসা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন শাহাবুল। সে সময় তার বাবা হাবেল ঘুমিয়ে ছিলেন। অভিযোগ অনুযায়ী, ঘুমন্ত অবস্থায় বাবার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই হাবেলের মৃত্যু হয়।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এদিকে, ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত শাহাবুল নিজেই থানায় গিয়ে হাজির হন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
ওসি হুমায়ুন কবীর জানান, জমিজমা নিয়ে বিরোধ এবং বাবার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে জানা যাবে।


