
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন। গত শুক্রবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ শনিবার (২৩ মে) দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
তবে চূড়ান্ত ভোটের লড়াই শুরু হওয়ার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন জেলা-বিভাগ ও সংস্থা ক্যাটাগরির চারজন পরিচালক। নির্ধারিত সময়ে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে কেবল একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের বিনা বাধায় জয় নিশ্চিত হয়।
এই ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন—রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম, রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী।
উল্লেখ্য, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে সর্বমোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়ে আসেন। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুক্রবার এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে প্রতিটি পদের বিপরীতে তিনজন করে এবং বরিশাল বিভাগে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে এবার ভোটের লড়াই জমে ওঠার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অবশ্য আজ শনিবার যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই জানা যাবে চূড়ান্ত বৈধ প্রার্থীদের আসল তালিকা।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। এই বিভাগে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। ফলে তাঁর নির্বাচিত হওয়াটাও কেবল আনুষ্ঠানিকতা মাত্র। অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক আগেও বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিপিএলের প্রথম আসরে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভূমিকাও পালন করেছিলেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান গণমাধ্যমকে জানিয়েছেন, এবার ক্যাটাগরি-১ এ ১৪টি, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ ১টি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ ২৩ মে যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।


