Skip to main content

Chetona Ekush

, ,

মানুষ নয়, এবার সিনেমার প্রধান চরিত্রে এআই অভিনেত্রী

বিনোদন ডেস্ক, চেতনা একুশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভার্চুয়াল অভিনেত্রী টিলি নরউড এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। ‘মিসঅ্যালাইন্ড’ নামের কমেডি-ড্রামা ঘরানার এ ছবিটি পরিচালনা করছেন এলাইন ভ্যান ডেন ভেলডেন। ছবিটি প্রযোজনা করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান পার্টিকল ৬।

প্রযোজনা সংস্থার দাবি, তারা ইতোমধ্যে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা ও প্রযুক্তিবিদসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের ৩০ জনেরও বেশি পেশাজীবীকে এআই ব্যবহারে প্রশিক্ষণ দিয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তারা এআইনির্ভর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছে।

নির্মাতাদের ভাষ্য, ‘মিসঅ্যালাইন্ড’ ছবির নির্মাণে প্রচলিত চলচ্চিত্রকর্মীদের পাশাপাশি এআই বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন। ফলে প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

ছবিটির গল্প গড়ে উঠেছে ‘টিলিভার্স’ নামের একটি কাল্পনিক ডিজিটাল জগতকে কেন্দ্র করে। সেখানে টিলি এমন এক এআই সত্তা, যার নিজের কোনো শরীর, শৈশব কিংবা ব্যক্তিগত স্মৃতি নেই। তবে মানবজাতির অসংখ্য অভিজ্ঞতার তথ্য তার কাছে সংরক্ষিত রয়েছে। গল্পে কৈশোর, আত্মপরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অস্তিত্বসংকটকে ব্যতিক্রমীভাবে তুলে ধরা হবে।

পরিচালক এলাইন ভ্যান ডেন ভেলডেন বলেন, ছবিটি যেমন বিনোদন দেবে, তেমনি আত্মপরিচয়, অভিনয় এবং এআইকে ঘিরে মানুষের নানা উদ্বেগ ও প্রশ্নও সামনে আনবে। তার মতে, বাস্তব জীবনের নানা দিকও এতে প্রতিফলিত হবে।

তিনি আরও জানান, টিলি নরউডকে তৈরির মূল লক্ষ্য ছিল সৃজনশীল শিল্পে এআই প্রযুক্তির সক্ষমতা তুলে ধরা। প্রথম পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রের মাধ্যমে শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহারই নয়, বরং চলচ্চিত্র-সংশ্লিষ্ট পেশাজীবীদেরও ভবিষ্যতের এআইনির্ভর কর্মপরিবেশের জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষায়, ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে চলচ্চিত্রকর্মীদের নিজেদের আরও প্রস্তুত করে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ