Skip to main content

Chetona Ekush

, ,

মুক্তিযুদ্ধ বিরোধীদের পরিচয় আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে: আইনমন্ত্রী

সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ:


জাতীয় সংসদে এক তাৎপর্যপূর্ণ বক্তব্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান দাবি করেছেন যে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ পাসের সময় জামায়াতে ইসলামী কার্যত কোনো বিরোধিতা করেনি। এই নীরব সম্মতির মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা এবং কারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তা আইনি দলিলে প্রতিষ্ঠিত হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।


বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।


আইনমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২৬’-এ বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত হয়েছে, সেখানে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর—তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, আল বদর, আল শামস ও রাজাকারদের বিরুদ্ধে সংগ্রামকারীদেরই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সংসদে এই আইনটি পাসের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো জোরালো বিরোধিতা তো আসেইনি, বরং এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে এর প্রতি সমর্থন জানানো হয়েছে।


মন্ত্রী আরও বলেন, “আইনের প্রয়োগ ও ব্যাখ্যার মাধ্যমেই এখন এটি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত যে, ১৯৭১ সালে কারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং কারা হত্যা, গুম ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত ছিল। এর মাধ্যমে ইতিহাসের সত্য আজ আইনি ভিত্তি পেল।”


উল্লেখ্য যে, গত ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বিলটি উত্থাপন করেন, যেখানে ২০২২ সালের মূল আইন সংশোধন করে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ‘মুক্তিযুদ্ধের সহযোগী’দেরও রাষ্ট্রীয়ভাবে শ্রেণিভুক্ত ও সম্মান জানানোর সুযোগ তৈরি করা হয়েছে।

সংসদে আলোচনার সময় আইনমন্ত্রী আরও বলেন, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে সাড়ে তিনটির বিষয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না। বাকি আধা প্রশ্নটিকে তিনি ‘আধা প্রেম, আধা প্রতারণা’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে তিনি নিজ কানে শুনেছেন—কেউ কেউ নাকি ‘বেহেশতের টিকিট’ বিক্রি করেছে। এই বিষয়টিও তিনি সংসদে তুলে ধরেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ