
চেতনা একুশ ডেস্ক:
রাজধানীর দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে আগারগাঁও মেট্রো স্টেশন এলাকা এবং সোবহানবাগে এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে পৃথক এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগে ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে হঠাৎ করেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছু পরেই রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে অপর ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়।
সোবহানবাগের ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ফুটওভার ব্রিজের নিচে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি নিশ্চিত করেন।
অন্যদিকে, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের ঘটনার বিবরণ দিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, “বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। খবর পাওয়ার পর পরই পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।”
হঠাৎ ঘটে যাওয়া এসব বিস্ফোরণের ঘটনায় স্থানীয় ও পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ককটেল বিস্ফোরণের সাথে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


