
নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ
রাজধানীর পুরান ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামক এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানার শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পাশের কক্ষে থাকা এক ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লালবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। এ সময় সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন।
মুহাম্মদ আনোয়ার হোসেন ঢাকার জজ কোর্টের আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশনের অ্যানেক্স ভবনের ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে।
ওসি আরও জানান, আনোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


