
চেতনা একুশ ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। এ অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য, বিমানবন্দর এলাকার শৃঙ্খলা বজায় রাখা এবং দেশি-বিদেশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, পুলিশ বক্সসংলগ্ন এলাকা, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশুসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ৮২ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সম্প্রতি বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তদের উৎপাত বৃদ্ধি এবং তাদের কারণে প্রবাসীসহ সাধারণ যাত্রীদের হয়রানির অভিযোগ সামনে আসার পর এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে জানান, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক বা মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যেই নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
এ ছাড়া অভিযানে আটক শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশু-বিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


