
নিজস্ব প্রতিবেদক । চেতনা একুশ
জাতীয় ঐক্য সৃষ্টি এবং নতুন করে দেশ গড়ার এক বলিষ্ঠ প্রত্যয় নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একটি সুসংহত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দল-মত ও ভেদাভেদ ভুলে সর্বস্তরের জনগণকে একই সুতোয় ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে সরকার প্রধানের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যমের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র মূলমন্ত্র হচ্ছে—সবার আগে বাংলাদেশ। ‘আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে চলেছি। দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে একতাবদ্ধ করে একটি শক্তিশালী জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সমৃদ্ধ আগামীর পথে ধাবিত হতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে এ দেশের আপামর জনগণ এক সম্পূর্ণ মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছেন। আর এই স্বস্তিদায়ক ও আনন্দঘন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছেন। এ সময় তিনি দেশের ধারাবাহিক অগ্রগতি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক মঙ্গলের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে সবাইকে সম্মিলিতভাবে প্রার্থনা করার অনুরোধ জানান।
উক্ত গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য সন্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


