
চেতনা একুশ । সিলেট প্রতিনিধি
মানুষের বাকস্বাধীনতা হরণ করার দিন শেষ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন থেকে পুলিশ দিয়ে হয়রানি করার সংস্কৃতি আর চলবে না। জনগণের সমস্যার কথা বলার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
শনিবার সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, “কেউ কোনো কথা বললেই তাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে—এমন পরিস্থিতি মানুষ আর চায় না। অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ভিন্নমতের কারণে কাউকে হেনস্তা করা হবে না।”
সিলেটের রাস্তায় মানুষের ঢল নামার প্রসঙ্গ টেনে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ এখনো বিশ্বাস করে বিএনপি সঠিক পথে আছে, আর সেই সমর্থনের প্রতিদান দিতে হবে কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে। ক্ষমতার দাপট দেখিয়ে জনবিচ্ছিন্ন না হওয়ার জন্য তিনি নেতা-কর্মীদের সতর্ক করে দেন। তিনি বলেন, “নিজেকে ক্ষমতাসীন দলের লোক ভেবে অহংকারী হওয়া যাবে না। জনগণের সাথে নম্র আচরণ করতে হবে।”
আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে একক প্রার্থী নিশ্চিত করতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা ধরে রাখাই হবে আগামী দিনের রাজনীতির প্রধান চ্যালেঞ্জ।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা এবং স্থানীয় সংসদ সদস্যসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জনগণের অধিকার রক্ষায় এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


