
চেতনা একুশ ডেস্ক: সিলেট
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে ভারতীয় গরুর দাপট কম—এমন দাবি করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্তরক্ষী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকছে বিপুলসংখ্যক ভারতীয় গরু ও মহিষ। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট এবং প্রশাসনের কিছু অসাধু সদস্যের প্রকাশ্য যোগসাজশে সীমান্তজুড়ে চলছে অবৈধ পশুর এই মহোৎসব। ফলে পশুর হাটগুলো এখন চোরাই ভারতীয় গরুর দখলে চলে গেছে, যার কারণে তীব্র লোকসান ও চরম কোণঠাসা অবস্থার মুখে পড়েছেন দেশের প্রান্তিক খামারিরা।

অনুসন্ধানে জানা গেছে, সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত এখন চোরাকারবারিদের প্রধান স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত আনুমানিক হাজারখানেক গরু-মহিষ বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রতিটি সীমান্তের সংশ্লিষ্ট পুলিশ বিট অফিসাররা ‘লাইনম্যানদের’ সাথে অলিখিত অংশীদার হিসেবে কাজ করছেন। ফলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত শত শত ট্রাকে করে এই চোরাই চালান কোনো বাধা ছাড়াই শহরে প্রবেশ করছে। দুর্গম সীমান্ত এলাকা, ফসলি জমি ও গ্রামীণ সড়ক ব্যবহার করায় চোরাকারবারিদের শনাক্ত করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমনকি পুলিশের চেকপোস্টের সামনে দিয়ে এসব পশুর গাড়ি চলে গেলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও সিন্ডিকেটের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে গোয়াইনঘাটের দুর্গম সীমান্তে। এখানকার বিছানাকান্দি সীমান্ত পিলার ১২৬৩ এবং ১২৬৪ নম্বর রুট দিয়ে দেদারসে ঢুকছে ভারতীয় পশু। অভিযোগ রয়েছে, এই রুটে লাইনম্যান হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন যুবদল নেতা হেলাল, জালাল মেম্বার ও গোলাম হোসেন। এই সীমান্ত দিয়ে আসা পশুগুলো গোয়াইনঘাট সদর হয়ে দরবস্ত বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে পাচার হয়ে যাচ্ছে। এছাড়াও পশ্চিম, মধ্য ও পূর্ব জাফলং ইউনিয়নের সীমান্ত দিয়েও একইভাবে চোরাই পশু বাংলাদেশে প্রবেশ করছে। গোয়াইনঘাট ছাড়াও কানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর এবং জকিগঞ্জের বাল্লাহ ও আটগ্রাম সীমান্ত এলাকা চোরাকারবারীদের অন্যতম সক্রিয় রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে বরাবরের মতোই কড়া নজরদারির দাবি করা হচ্ছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ রোধে পুলিশ ও বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অবৈধ কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সুর মেলালেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার। তিনি বলেন, “আমরা প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি। সন্দেহজনক কিছু পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সামনে চেকপোস্টের তৎপরতা আরও বাড়ানো হবে।”
এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, কোনো পশুর হাটে যেন চোরাই গরু প্রবেশ করতে না পারে, সেজন্য প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যেকোনো মুহূর্তে অভিযান চালাতে পুলিশ প্রস্তুত রয়েছে।
কিন্তু প্রশাসনের এই আশ্বাসের পরও মাঠপর্যায়ের বাস্তব চিত্র দেশের পশুপালন খাতের জন্য এক বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। চোরাচালানের এই মহোৎসব অবিলম্বে বন্ধ না হলে দেশীয় খামারিদের এবারের ঈদ বিষাদে রূপ নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


