Skip to main content

Chetona Ekush

, ,

স্বাস্থ্যে নতুন বিপ্লব: দেশে তৈরি হচ্ছে বিদ্যুৎহীন অক্সিজেন মেশিন ও ভেন্টিলেটর: প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চেতনা একুশ


স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশ, গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের প্রতিটি ধাপে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বস্ত করেন তিনি।


মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন উদ্ভাবকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় চিকিৎসাসামগ্রীগুলো দ্রুত ব্যবহার উপযোগী করা এবং বাজারে সহজলভ্য করার জন্য সব ধরনের নীতিগত ও প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।


সভায় জানানো হয়, দুটি পৃথক বিশেষজ্ঞ দল এই ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুত করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হলে দেশের সব হাসপাতালে এগুলো ব্যবহারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় এই যন্ত্রগুলোর দাম থাকবে সাধারণের নাগালের মধ্যে, যা দেশের স্বাস্থ্যসেবা ব্যয়কে অনেকটাই কমিয়ে আনবে।


বিশেষজ্ঞরা জানান, শ্বাসকষ্টের গুরুতর রোগীদের জীবন রক্ষায় ভেন্টিলেটর অত্যন্ত জরুরি। এর নিরাপত্তা ও আন্তর্জাতিক মান সুনিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা চলছে। অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটির বিশেষ সুবিধা হলো এটি বিদ্যুৎ ছাড়াই পরিচালনা করা সম্ভব। ফলে বিদ্যুৎহীন দুর্গম এলাকা এবং জরুরি রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এই উদ্যোগ সফল হলে চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বিদেশি নির্ভরতা অনেক কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বুয়েটের প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ