Skip to main content

Chetona Ekush

, ,

অটোরিক্সার দাবিতে সরব এক রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল, নিজেরই ৭০০ অটোরিকশা! —বিস্ফোরক অভিযোগ ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, চেতনা একুশ

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের পক্ষে দাবি তোলা এক রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। অটোরিকশা চলাচলের দাবিতে ওই নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি এ অভিযোগ করেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

মিল্টন বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের কেউ অটোরিকশা চলাচলের পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল প্রকাশ্যে বলছেন, অটোরিকশা চলাচলের দাবি সরকারের মেনে নেওয়া উচিত। বিষয়টি তাঁর কাছে অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, পরে খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, ওই রাজনৈতিক নেতার নিজেরই ৭০০ অটোরিকশা রয়েছে।

ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অবস্থান

রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ঢাকার প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। দোকানের সামনে কিংবা ফুটপাতের ওপর কেউ যাতে অবৈধভাবে বসতে না পারে, সে বিষয়ে ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরবাসী যা চাইবে না, সিটি করপোরেশন তা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

ফুটপাত সংস্কার ও সবুজায়নের উদ্যোগ

দখলমুক্ত ফুটপাতকে আরও সুন্দর ও পথচারীবান্ধব করে তুলতে সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নের কাজ চলছে বলে জানান মিল্টন। তাঁর ভাষ্য, যেসব এলাকার ফুটপাত ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কার করে চলাচলের উপযোগী ও দৃষ্টিনন্দন করা হচ্ছে।

এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর ফুটপাতগুলোকে পথচারীদের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি নগরীর সৌন্দর্য বাড়ানোর কাজও করা হচ্ছে বলে জানান তিনি।

হকারদের উসকানি দেওয়ার অভিযোগ

এ সময় একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে ফুটপাতের হকারদের ডেকে উসকানিমূলক পরামর্শ দেওয়ার অভিযোগও তোলেন ডিএনসিসি প্রশাসক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থের বিরুদ্ধে কেউ নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ