Skip to main content

Chetona Ekush

, ,

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিনিধি, চেতনা একুশ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আদালতের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মাঠের অবস্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দলটির কার্যক্রম আইনগতভাবে স্থগিত রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, তা বিচারিক প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আদালতের রায়ের আগে দলটিকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

তথ্য উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার চলছে। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ অবস্থায় দলটি যদি মাঠে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করে, তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সরাসরি কোনো করণীয় নেই। বিভিন্ন রাজনৈতিক শক্তি প্রতীকী অবস্থান থেকে নানা বক্তব্য দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বিচার বিভাগের হাতেই রয়েছে।

ডা. জাহেদ উর রহমানের মতে, আওয়ামী লীগের বর্তমান অবস্থায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার মতো নৈতিক ভিত্তি নেই। তিনি অভিযোগ করেন, অতীত কর্মকাণ্ডের কারণে দলটি জনগণের কাছে নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তাই জনসমর্থন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করা তাদের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ