Skip to main content

Chetona Ekush

, ,

ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ, বাড়ছে নজরদারি

বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আর্থিক খাতের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের গচ্ছিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংকের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং বৃহত্তর জনস্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করাও এই নিয়োগের অন্যতম উদ্দেশ্য।

নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কার্যক্রমে উপস্থিত থাকবেন। পাশাপাশি ব্যাংকের দৈনন্দিন ও কৌশলগত কার্যক্রম সম্পর্কে তিনি নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংককে তথ্য ও পর্যবেক্ষণ প্রতিবেদন প্রদান করবেন।

সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও আস্থা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসন আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার : নাসরিন বেগম

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ