
শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মজগতের সাথে পরিচয় করিয়ে দিতে এবং দক্ষ মানবসম্পদ গড়তে উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো কর্পোরেট মহাসমাবেশ। বিশ্ব মানবসম্পদ দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অত্যন্ত সফলতার সাথে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ উদযাপিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস এবং স্কুল অব বিজনেসের যৌথ উদ্যোগে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) সহযোগিতায় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই দূরদর্শী সামিটের আয়োজন করা হয়।
বুধবার (২০ মে) আয়োজিত এই সামিটে দেশের শীর্ষস্থানীয় আর্থিক, টেলিকম, আইটি ও তৈরি পোশাক খাতের অন্তত ২০ জন শীর্ষ মানবসম্পদ কর্মকর্তা ও কর্পোরেট ব্যক্তিত্ব অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিডি জবস ডট কমের প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাশরুর, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নওশাদ পারভেজ, মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাহীন আক্তার এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের চিফ পিপল অফিসার আবু সালেহ মোহাম্মদ শামীম।
এছাড়াও গ্রামীণফোন লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার অরুনিমা হাসান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের সিনিয়র ম্যানেজার হাবিবা ইয়াছমিন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট নুসরাত তাবাস্সুম এবং এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার রেই তাকাহাশিসহ দেশের নামী-দামী করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ব্র্যাকনেট, পার্টেক্স স্টার গ্রুপ, ক্রস ওয়ার্ল্ড পাওয়ার, ম্যাগপাই গ্রুপ, টেক্সা টিম, হা-মীম গ্রুপ ও এ্যাবা গ্রুপের মতো বড় বড় বাণিজ্যিক মহিরুহদের উপস্থিতি অনুষ্ঠানটিকে রূপ দেয় এক অনন্য নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে।
সামিটের মূল প্রবন্ধ (কি-নোট স্পিচ) উপস্থাপন করেন ফোরাম ফর বাংলাদেশ এইচ আর প্রফেশনালসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোশাররফ হোসেন। এরপর শীর্ষস্থানীয় কর্পোরেট লিডাররা প্যানেল আলোচনায় অংশ নিয়ে তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, আগামীর চাকুরিবাজারের চ্যালেঞ্জ এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানবসম্পদের টেকসই ভবিষ্যৎ নিয়ে নানামুখী দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীরা যাতে স্নাতক শেষ করেই সরাসরি কর্পোরেট দুনিয়ায় নেতৃত্ব দিতে পারেন, সেই লক্ষ্যে বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা তার বক্তব্যে বলেন, ‘উত্তরা ইউনিভার্সিটির মূল লক্ষ্যই হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্পোরেট জগতের বাস্তব চাহিদার যে দূরত্ব, তা সম্পূর্ণ দূর করা। এই এইচআর সামিট আমাদের সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। আমরা শুধু আলোচনার পরিধি বাড়াচ্ছি না, বরং শিক্ষার্থীদের স্বপ্নের সাথে সরাসরি দেশের শীর্ষ কর্পোরেট আইকনদের মেলবন্ধন ঘটিয়ে দিচ্ছি। এর ফলে আমাদের গ্র্যাজুয়েটরা দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক কর্মক্ষেত্রে নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তায় নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবে।’
অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে উপস্থাপনা, সঞ্চালনা ও পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন। দিনব্যাপী এই সফল সম্মেলন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট পথপ্রদর্শকদের সাথে সরাসরি নেটওয়ার্কিং ও ক্যারিয়ার গড়ার এক অভাবনীয় দুয়ার উন্মোচন করেছে।
প্রতিবেদক : নাসরিন বেগম


