Skip to main content

Chetona Ekush

, ,

উন্নয়ন বাধাগ্রস্তের অপচেষ্টা জনগণই প্রতিহত করবে: প্রধানমন্ত্রী

চাঁদপুর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি , চাঁদপুর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন শুরু করেছে, তা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণই প্রতিহত করবে।

শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যতদিন আস্থা ও সমর্থন দেবে, ততদিন বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। জনগণের স্বার্থ থেকে সরকার একচুলও সরে যাবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। কিন্তু একটি গোষ্ঠী এসব উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ সচেতনভাবেই বিএনপির পক্ষে রায় দিয়েছে। সেই গণরায়ের ভিত্তিতেই সরকার ধাপে ধাপে প্রতিশ্রুত কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, কেউ যদি উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিহত করবে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে যেসব কর্মসূচি প্রয়োজন, সেগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

‘বিশ্ব খাল’ পুনঃখনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি সফল করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার মানুষের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে।

তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড পৌঁছে দেওয়া এবং বেকারদের কর্মসংস্থান তৈরির মতো উদ্যোগগুলো যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়েই সরকার সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশকে এখন নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ